​বানারীপাড়ায় ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ সোলায়মান ও অলিউল্লাহ নামে চাচা-ভাতিজা আটক

​বরিশালের বানারীপাড়ায় ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ মো. সোলায়মান সরদার (২৯) ও মো. অলিউল্লাহ (২৬) নামের দুই চাচা-ভাতিজাকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
​আটককৃত মো. সোলায়মান সরদার উপজেলার কচুয়া গ্রামের মো. রত্তন সরদার (রতন সরদার) এর ছেলে এবং মো. অলিউল্লাহ একই বাড়ির হেমায়েত সরদারের ছেলে। তাঁরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ভোর আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া গ্রামে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে সোলায়মানের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা এবং অলিউল্লাহর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​এলাকাবাসীর অভিযোগ, আটককৃত সোলায়মান ও অলিউল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় পাইকারি ও খুচরা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বাইশারীর কচুয়া এলাকায় তাঁরা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। সোলায়মান তাঁর নিজ এলাকার বিভিন্ন স্থানে নিজস্ব লোক নিয়োগ করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। যার ফলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
​এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বরিশাল কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top