বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা মেজবাহ উদ্দিন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা আইসিটি অফিসার নিবেশ বিশ্বাস, ডিপিএফ সভাপতি, বাবুল সরদার, সেক্রেটারি শেখ আব্দুস সালাম, জন্ম মৃত্যু রেজিস্টার জেনারেল আবু নাছের আব্দুল্লাহ আদি, বাগেরহাট খান জাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার হাসিবুদ্দিন রাখি, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের আইনগত পরিচয় ও রাষ্ট্রীয় বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জন্মনিবন্ধনের মাধ্যমে একজন নাগরিকের বয়স, পরিচয় ও নাগরিকত্বসংক্রান্ত তথ্য সরকারি নথিতে সংরক্ষিত হয়। একইভাবে মৃত্যুর সঠিক নিবন্ধন জনসংখ্যা ও নাগরিক তথ্যের নির্ভুল হিসাব সংরক্ষণে গুরুত্বপূর্ণ।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, সঠিক তথ্য সংরক্ষণ এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, একটা শিশু জন্মের পরে তার সঙ্গে রাষ্ট্রের একটা বৈধ যে স্বীকৃতি সেটি নিবন্ধন এর মধ্য দিয়ে দেয়া হয়। এটি কি আমরা যত বিলম্বিত করব সেই বৈধতাটিও ততো বিলম্বিত হবে। ২০০৪ সালের ৭ ডিসেম্বর জন্ম মৃত্যু নিবন্ধন আইন আমরা প্রণয়ন করেছিলাম, এটা ২০০৬ সাল থেকে কার্যকর হয়েছে।
নির্ভুল ও সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা গেলে সরকারি সেবা প্রদান, জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকর হবে।




