পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
৪৫০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের এই সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
শনিবার (৭ নভেম্বর) পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়েছিল। কার্পেটিং ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় রাস্তাটি দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি ও কাদা জমে যেত। এর ফলে স্থানীয় গুরু বাজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। পণ্য পরিবহন ও জরুরি যোগাযোগের ক্ষেত্রেও প্রতিদিন নানা জটিলতার মুখে পড়তে হতো ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। শনিবার সকালে ৪৫০ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত এই সড়কটির উন্নয়নকাজের উদ্বোধনকালে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ইবনে আব্বাস, পটুয়াখালী জেলা ছাত্রশিবির এর সদ্য সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম নুর, সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও অন্যান্য স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের যাতায়াত সহজ করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই কাজের মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সড়কটির নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বিগত ৭-৮ বছর ধরে এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে তাদের নরকীয় যন্ত্রণা পোহাতে হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই উন্নয়নকাজ সম্পন্ন হলে কালাইয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার যেমন আধুনিকায়ন ঘটবে, তেমনি স্থানীয় বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ হয়ে এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন এলাকাবাসী।




