বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কারে দলমত নির্বিশেষে এগিয়ে এলেন স্থানীয়রা

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ। সমাধিসৌধ খুলে দেওয়ার পরপরই এর পরিবেশ পরিচ্ছন্ন ও সৌন্দর্য ফিরিয়ে আনতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের উদ্যোগে শুরু হয়েছে সমাধিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দীর্ঘদিন সমাধিসৌধটি বন্ধ থাকায় এর আশপাশে শ্যাওলা, ময়লা-আবর্জনা ও ধুলাবালি জমে ছিল। এমন পরিস্থিতিতে সমাধিসৌধ খুলে দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণসহ নানা পরিচ্ছন্নতামূলক কাজে হাত লাগান।
এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, বঙ্গবন্ধুর সমাধিসৌধ শুধু টুঙ্গিপাড়ার নয়, দেশের ইতিহাস ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এর পরিবেশ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সমাধিসৌধের পরিবেশ দীর্ঘমেয়াদে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
দীর্ঘ আড়াই বছর পর সমাধিসৌধ খুলে দেওয়া এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় টুঙ্গিপাড়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সমাধিসৌধের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top