ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক বাসচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বাসে অগ্নিসংযোগের কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top