ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তিকে নগদ ২৫০ টাকা করে জরিমানা ও  এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের মৃত্য মনিরুদ্দিন ফকিরের ছেলে  জহুরুল হক ফকির (৬০), বাদশা মিয়ার ছেলে    করিম মিয়া  (৪৬), বদরুদ্দিন খলিফার ছেলে  ফিরোজ খলিফা (৪৮), ও সাড়েসাত রশি গ্রামের হালিম সর্দারের ছেলে  ইমরান সর্দার (২৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর বেলায়েত হোসেন   জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে  মাদক সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সালের ৩৬/৫ ধারা মোতাবেক  প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২৫০ টাকা জরিমানার আদেশ দেন। এসময় জব্দকৃত মাদক গাঁজা পুড়িয়ে ধংশ করা হয়।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন বলেন, মাদকের বিস্তার রোধে   নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে । মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।