প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বললেন, বিরোধী দলকে সঙ্গে নিয়ে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর দুটি ক্রীড়া স্থাপনার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে। একই সঙ্গে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এরও উদ্বোধন করা হয়েছে। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার দুই ভাই উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল। গুম-খুন বিএনপির রাজনৈতিক ইতিহাসের অংশ নয়। বিগত অন্তর্বর্তী সরকার তাদের যে নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেটা করবে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার আত্মত্যাগ ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। আমরা চাই, এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা হিসেবে নয়, বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top