পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের দুই থানায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। ফলে প্রয়োজনীয় আইনি সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে সাধারণ ডায়েরি (জিডি), জমিজমা-সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন অভিযোগ নিয়ে এসেও সেবা না পেয়ে হতাশ হচ্ছেন সেবাপ্রার্থীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত সময়ের মধ্যে অন্তত জিডি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা সরেজমিনে ঘুরে দেখা যায়, দুই থানার সামনেই পড়ে রয়েছে পুড়ে যাওয়া পুলিশের গাড়ি ও মোটরসাইকেলের ধ্বংসাবশেষ। থানার ভেতরে ঢুকলে চোখে পড়ে পোড়া আসবাবপত্র, ভাঙা দরজা-জানালা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন সরঞ্জাম। ওসির কক্ষ, ওসি তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকেও ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। আগুনে পুড়ে গেছে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র, রেজিস্ট্রার ও কম্পিউটার।

এ অবস্থায় থানায় প্রয়োজনীয় সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার আসিয়া বেগম তাঁর দুই দিন আগে নিখোঁজ হওয়া নাতির সন্ধানে থানায় এসেছিলেন। কিন্তু থানার কার্যক্রম বন্ধ থাকায় কোনো সেবা পাননি।

আসিয়া বেগম বলেন, ‘আমার নাতি দুই দিন আগে হারিয়ে গেছে। আমি নিখোঁজ ডায়েরি করতে এসেছি। কিন্তু কোনো ধরনের সেবা পেলাম না। থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশও কেউ নেই। পুলিশ ছাড়া আমার নাতিকে কে খুঁজে দেবে?’

একইভাবে আইনি সহায়তা নিতে এসে হতাশ হয়ে ফিরেছেন মুকসুদপুরের মোচনা ইউনিয়নের রহিজ মোল্লা। তিনি বলেন, ‘আমাদের পাশের বাড়ির লোকজন জোর করে আমার জমিতে ঢুকে পাকা ঘর নির্মাণ করছে। বাধা দিলে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। উপায় না পেয়ে আইনের আশ্রয় নিতে থানায় এসেছিলাম। এসে দেখি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশেরও কেউ নেই।’

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।

এরপর গত ১৭ নভেম্বর বিকেলে উপজেলা চত্বর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাইকিং করে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ সদস্যরা পিছু হটলে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট, হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের কয়েকটি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি, মোটরসাইকেল এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটে।

মুকসুদপুর থানার ক্ষয়ক্ষতির বিষয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা বলেন, ‘আগুনে আমাদের চারটি পুলিশ গাড়ি ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল লুট হয়েছে। থানার সবকিছু পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। অস্ত্রের বিষয়েও একই অবস্থা। আগুন দেওয়ার পর সালথা থানা থেকে পুলিশ এসে কিছু অস্ত্র উদ্ধার করেছে। কিন্তু রেজিস্ট্রার পুড়ে যাওয়ায় সঠিক সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।’

কবে নাগাদ থানার কার্যক্রম স্বাভাবিক হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থানার প্রয়োজনীয় সরঞ্জাম ও নথিপত্রের প্রায় সবকিছুই পুড়ে গেছে। পূর্ণাঙ্গ সেবা চালু করতে কিছুটা সময় লাগবে। তবে দ্রুত অন্তত সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম চালুর জন্য জেলা পুলিশ কাজ করছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, ‘আমরা ধ্বংসস্তূপ থেকে যতটা সম্ভব সেবা চালুর চেষ্টা করছি। অন্তত জিডি কার্যক্রম যেন দ্রুত চালু করা যায়, সে জন্য কাজ চলছে।’

দুই থানার কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে নিখোঁজ ব্যক্তির সন্ধান, জমিজমা নিয়ে বিরোধ, হুমকি-ধমকি এবং অন্যান্য জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দ্রুত থানার কার্যক্রম চালু করে স্বাভাবিক আইনশৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top