পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। পরে দুপুর ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় পরে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহাজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্ত না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও তা কার্যকর করা হয়নি।
তারা বলেন, নিবন্ধিত শ্রমিকদের বাদ দিয়ে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনা মেনে নেওয়া হবে না। দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিকদের এ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।



