নেত্রকোনার পূর্বধলার জামধলা বাজারে অবৈধ সার মজুদের দায়ে ৫৩ বস্তা জব্দ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জনপ্রিয় হাট জামধলা বাজারে অবৈধভাবে সার মজুদ ও বিপণনের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দোকান থেকে ৫৩ বস্তা অবৈধ সার জব্দ করা হয়।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মাঠ পর্যায়ে অনুসন্ধানের জন্য নেত্রকোনা জেলার সাংবাদিকদের একটি দল জামধলা বাজারে যান। ওই দলে ছিলেন দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি সারোয়ার পারভেজ বাবু, ভিশন নিউজ ৭১-এর সাংবাদিক শফিকুল হক খান মিল্কি, প্রাণের বাংলাদেশের সাংবাদিক লুৎফুর রহমান হৃদয় ও সহকর্মী মামুন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান এক ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ করে রেখেছে। লাইসেন্স দেখাতে বললে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তাৎক্ষণিক বিষয়টি পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন ও পূর্বধলা থানা পুলিশ।

পরে সার ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ৫৩ বস্তা সার জব্দ করা হয়।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বলেন,* “বাজারে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে সার আছে। কোনো কৃষক খালি হাতে ফিরে যাবে না। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি ও তদারকি করছি। কোথাও অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পায় সেদিকে আমরা নজর রাখছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন বলেন, “প্রতিটি ইউনিয়নে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অনিয়ম পেলে আমরা ব্যবস্থা নেব।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে ডিলারশিপ ও বৈধ কাগজপত্র ছাড়াই নিজেদের গুদামে সার মজুদ করে আসছিল। সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

প্রশাসন জানিয়েছে, জব্দকৃত সার নিয়ম অনুযায়ী ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে এবং কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় কৃষক সমাজ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top