নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
ট্রেনটির একটি বগিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে আগুন দেখতে পান রেলের কর্মীরা। পরে তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা। পরে তারা এগিয়ে গিয়ে বগির ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও ঠিক ছিল।
জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।




