পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের টাউন স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নাজিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর বনগ্রাম ও মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির দুটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।




