টাঙ্গাইলের নাগরপুরে ধারালো অস্ত্র দিয়ে মজনু মিয়া (৫০) কে কুপিয়ে হত্যা করেছে ছামিনুর নামের এক দুর্বৃত্ত। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ছামিনুরকে বারাপুষা গ্রামের মজুনর বাড়ীতে দেখতে পেয়ে মজুনর স্ত্রীর ডাক-চিৎকার শুরু করলে ছামিনুর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এসে ছামিনুরকে ধরতে গেলে ছামিনুর তার হাতে থাকা দ্বিমুখী চাকু দিয়ে মজনু মিয়ার গলায় আঘাত করে।
স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ছামিনুর উপজেলার গয়হাটা পূর্বপাড়া গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর রকিবুল ইসলাম লীন বলেন, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্টারি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি এবং ঘাতক ছামিনুরকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




