ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৫ নভেম্বর) বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম।
নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরি। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত ফলন পেতে তিনি কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতেও অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।




