পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করার প্রকল্পবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মফিজুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী অঞ্জলি রানী, উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও দুর্যোগ-সংবেদনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, উপকূলীয় অঞ্চলগুলো সব সময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। অতীতে দেখা গেছে, দুর্যোগ আঘাত হানার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির মূল লক্ষ্য হলো, দুর্যোগ আঘাত হানার আগেই মানুষকে সতর্ক করা এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও সুশীলনের যৌথ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।




