পাকিস্তানে গৃহকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত থাকার অন্যতম প্রধান কারণ হলো, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা বা ন্যায়বিচার পাওয়ার সুযোগ খুবই সীমিত। দারিদ্র্যের কারণে হাজার হাজার পরিবার তাদের সন্তানদের গৃহকর্মে পাঠাতে বাধ্য হয়। অথচ এসব শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার কোনো নিশ্চয়তা থাকে না। ব্যক্তিগত বাসাবাড়িতে কর্মরত এসব শিশু সম্পূর্ণভাবে নিয়োগকর্তাদের ওপর নির্ভরশীল থাকে। ফলে দুর্ব্যবহারের অভিযোগ জানানোর কিংবা নির্যাতনমূলক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ তাদের খুবই কম। কার্যকর তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ শ্রমিকদের সুরক্ষায় আইন থাকা সত্ত্বেও শোষণ অব্যাহত রয়েছে।
ইসলামাবাদে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বাসায় কর্মরত ১৩ বছর বয়সী ফাতিমার মৃত্যু ব্যক্তিগত বাসাবাড়িতে কাজ করা শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রাথমিক চিকিৎসা পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। এ ছাড়া স্থানীয় পুলিশ শুরুতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্ত করা প্রয়োজন। ফাতিমার মৃত্যুর প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটন করতে হবে। এ ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর সরকারি পদমর্যাদা বা সামাজিক অবস্থান যা-ই হোক না কেন, তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে।
পাকিস্তানে গৃহকর্ম এখনো সবচেয়ে কম নিয়ন্ত্রিত শ্রম খাতগুলোর একটি। গৃহকর্মীরা প্রায়ই অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হন। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কারণ, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিংবা নিজেদের অধিকার লঙ্ঘিত হচ্ছে কি না, তা বোঝার সক্ষমতা তাদের তুলনামূলকভাবে কম। এ ছাড়া গৃহকর্মে নিয়োজিত থাকার কারণে তারা শিক্ষা ও সামাজিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। এর ফলে যে দারিদ্র্য তাদের শ্রমে নিয়োজিত হতে বাধ্য করে, সেই দারিদ্র্যের চক্রই অব্যাহত থাকে।
শুধু আইন প্রণয়ন করে এসব পরিস্থিতির সমাধান সম্ভব নয়। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যাক্ট, ২০২২ অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ নিষিদ্ধ। তবে এ আইনের প্রয়োগ এখনো পর্যাপ্ত নয়। বিদ্যমান শ্রমিক সুরক্ষা আইন কার্যকর করা এবং কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আইন লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত নিশ্চিত করতে প্রাদেশিক সরকারগুলোকে উদ্যোগ নিতে হবে। এই ঝুঁকিপূর্ণ শ্রমজীবী জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা এবং শিশু সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করা জরুরি।
সমাজ হিসেবে আমাদের উপলব্ধি করতে হবে, অন্যান্য শ্রমিকের মতো গৃহকর্মীরাও সমান মর্যাদা ও আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী।




