পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাফরাবাদ গ্রামে বেয়াই ও বেয়াইনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল রাতে আনুমানিক ১১:৩০ মিনিটের সময় স্থানীয় সাধারণ জনগণ তাদের আপত্তিকর অবস্থায় আটক করে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা হলেন— জাফরাবাদ বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কর্মচারী (নাইট গার্ড) মোঃ মিজান (৪৫) এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাবলু মৃধার স্ত্রী মোসাঃ সীমা বেগম (৩৫)। সম্পর্কে তারা পরস্পর বেয়াই-বেয়াইন (সীমা বেগমের ছেলের শ্বশুর মোঃ মিজান)।
ঘটনার বিবরণীতে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অসামাজিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। ঘটনার রাতে তাদের একসঙ্গে অবস্থান করতে দেখে উপস্থিত স্থানীয়রা ঘরে ঢুকে তাদের আটক করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে স্থানীয়দের ওই বাড়িতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং ঘটনাটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
ঘটনাটি নিয়ে বর্তমানে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।




