প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যশোরের কেশবপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. এস এম শামীম রেজা। গত ২৩ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে তার কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন থেকে বিভিন্ন প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে বিভাগটির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘ প্রায় আড়াই বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনরাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটিয়ে নিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. শামীম রেজার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিভাগটিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার নেতৃত্বে বিভাগের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।
অধ্যাপক ড. এস এম শামীম রেজা কেশবপুর পৌরশহরের ডাকবাংলো পাড়ার মরহুম আবুল কাশেম সাহেবের জ্যেষ্ঠ পুত্র। শিক্ষাজীবনে তিনি কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট স্কুলে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ চুকিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি একজন বিশিষ্ট বিতার্কিক হিসেবেও দেশব্যাপী পরিচিতি লাভ করেছিলেন।
উচ্চতর শিক্ষায় তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার বর্ণাঢ্য গবেষণা অভিজ্ঞতা রয়েছে; ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেএমএএস) এশিয়া ফেলো হিসেবে কর্মরত ছিলেন।
গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ এবং গণমাধ্যমের গণতন্ত্রায়ন তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। শিক্ষকতার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সমসাময়িক গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বিভিন্ন একাডেমিক ও নাগরিক আলোচনাতেও তিনি অত্যন্ত সক্রিয়। দেশের জনপ্রিয় টেলিভিশন টকশো চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ এবং ‘আজকের সংবাদপত্র’-এর নিয়মিত আলোচক হিসেবে তিনি সুধীমহলে সুপরিচিত। এলাকার কৃতি সন্তানের এই অর্জনে কেশবপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে আনন্দের জোয়ার বইছে।




