গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও গতিশীল করার মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।




