গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার পাটগাতী মধ্যপাড়ায় ১৯৮৪ সালে জমি ক্রয় করেও দীর্ঘ ৪০ বছর ধরে সেই জমির দখল বুঝে না পাওয়ার অভিযোগ করেছেন কাতারপ্রবাসী হাফেজ মাওলানা ইলিয়াস উসমানী। ক্রয়কৃত জমি দখল না দিয়ে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি, জোরপূর্বক জমি দখলে রাখা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ টুকু শিকদার ও তাঁর স্বজনদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাফেজ মাওলানা ইলিয়াস উসমানী জানান, ১৯৮৪ সালে তাঁর বাবা তাঁর মায়ের নামে মোহাম্মদ টুকু শিকদার, তাঁর ছেলে মিজান শিকদার, ভগ্নিপতি বাচ্চু মোল্লা এবং ভাগনে আসিফ মোল্লার কাছ থেকে জমি ক্রয় করেন। তবে জমি বিক্রির পরও তাঁরা ক্রেতাদের দখল বুঝিয়ে দেননি। বরং জমিটি নিজেদের দখলে রেখে পরবর্তী সময়ে আরও দুই থেকে তিনজনের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জমির দখল নিয়ে প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের পরিবারের কয়েকজন নারী দেশীয় অস্ত্র নিয়ে এসে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হামলা করেন। তাঁদের মধ্যে টুকু শিকদারের স্ত্রী রশনা বেগম, মেয়েরা ইরানী ও মনিরা, মিজান শিকদারের স্ত্রী এবং বাচ্চু মোল্লার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের হামলায় তাঁদের পরিবারের সদস্যরা একাধিকবার আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
হাফেজ মাওলানা ইলিয়াস উসমানী বলেন, দীর্ঘ চার দশক ধরে জমির মালিকানা ও দখল নিয়ে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রবাসে থেকেও পরিবারের জমি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হচ্ছে তাঁকে। এ অবস্থায় তাঁরা ন্যায়বিচার ও নিজেদের ক্রয়কৃত জমির দখল ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, জমির প্রকৃত মালিকানা নির্ধারণ, ক্রয়কৃত জমির দখল বুঝিয়ে দেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।




