সিলেটের জাফলংয়ে আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মো. ফখরুল ইসলাম। তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে তাঁকে পদ থেকে অপসারণের আহ্বান জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৯ সালে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে এমপিওভুক্তির আবেদন, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম এবং শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে বক্তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় সাবেক অভিভাবক প্রতিনিধি আইয়ুব আলী, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মাস্টার, মজির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।




