জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনের প্রদর্শনী হলগুলোতে ভারতকে সহজে চোখে পড়ে না। তবে সম্মেলনের আলোচনাকক্ষগুলোতে দেশটির উপস্থিতি এড়িয়ে যাওয়া কঠিন।
অন্য কয়েক ডজন দেশের জাঁকজমকপূর্ণ প্রচারমূলক প্যাভিলিয়ন থাকলেও তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ভারতের নিজস্ব কোনো প্যাভিলিয়ন নেই। এ ছাড়া দেশটির নিবন্ধিত সরকারি প্রতিনিধিদলের সদস্যসংখ্যা প্রায় ১৫২, যা বাংলাদেশ, পাকিস্তান কিংবা নেপালের প্রতিনিধিদলের চেয়ে কম।
২০২৮ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের গত এপ্রিলে নেওয়া সিদ্ধান্ত এবং উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি রয়েছে বলে বিবেচিত নির্গমন কমানোর সংশোধিত কৌশল দেখে কিছু অধিকারকর্মী মনে করছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ভারত জলবায়ু কূটনীতির সম্মুখসারির অবস্থান থেকে দ্রুত সরে যাচ্ছে।
তবে রুদ্ধদ্বার আলোচনায় ভারত এখনো গুরুত্বপূর্ণ একটি কণ্ঠস্বর। জলবায়ু অর্থায়ন বাড়ানোর ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর দাবির পক্ষে দেশটি ধারাবাহিকভাবে অবস্থান নিয়ে আসছে। একই সঙ্গে শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে আরও দ্রুত এবং আরও ব্যাপক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে ভারত।




