জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সংগঠনের দায়িত্বশীল ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আয়োজনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, ক্যারিয়ারবিষয়ক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানভীর আহমেদ। এরপর উদ্বোধনী বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার অফিস সম্পাদক মোরশেদুল ইসলাম, জেলা সেক্রেটারি তারেক ইসলাম, জেলা সভাপতি আশরাফুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছির মো. ত্বহা। এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর গোলাম কিবরিয়া মন্ডল।

অনুষ্ঠানে পরিবেশিত হয় সংগীত পরিবেশনা। এরপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, পেশাগত দক্ষতা, কর্মজীবনের প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মাদার বখশ হলের প্রভোস্ট ড. শাহ হোসাইন আহমদ মেহেদী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর ও নসিহা পর্ব। এতে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জনাব শিবগতুল্লাহ শিবগাত।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নৈতিক মূল্যবোধ, জ্ঞানচর্চা ও আত্মগঠনের আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

শুধু আনুষ্ঠানিক বরণ নয়, বরং জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও স্বপ্নকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠুক এই আয়োজন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top