জয়পুরহাটের কালাইয়ে সরকার সুপার মার্কেটে আগুনে পুড়ল ২০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাটের সরকার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে নুরুন্নাহার কসমেটিকস নামে একটি দোকানের মালামাল পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। এতে দোকানটির মালিক মামুন সরকার আর্থিক ভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। প্রায় ২০ বছর ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন তিনি।
মামুন সরকার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। কিছুক্ষণ পর দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে আগুনে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। তাঁর দাবি, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা এ প্রতিষ্ঠানই ছিল তাঁর আয়ের প্রধান অবলম্বন। আগুনে সব হারিয়ে এখন পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। মার্কেটের প্রবেশপথ বন্ধ থাকায় প্রথমে বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পরে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী আলী আজম বলেন, মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁরা ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
পাশের দোকানের ব্যবসায়ী আজম সরকার বলেন, আগুনে মামুন সরকারের দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন চেষ্টা করেও মালামাল রক্ষা করতে পারেননি। তাঁর ধারণা, দোকানে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার মালামাল ছিল।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। কালাই ফায়ার সার্ভিস কার্যালয়ের লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক হিসাবে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার এবং ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সময় মার্কেটের সব গেট ও দোকান বন্ধ ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top