গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট, আটক ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানটি গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু করে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা, জাফলং চা বাগানের টাওয়ার সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা এলাকায় পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন জব্দ/অকার্যকর করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেড/স্টিলবডির ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top