খুলনা মহানগরীর মুজগুন্নি এলাকায় অবস্থিত সেন্ট মরিস ক্যাথলিক চার্চে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ঝড়-বৃষ্টির সময়ে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
চার্চ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাতের আঁধারে গির্জার ভেতরে প্রবেশ করে মা মারিয়ার গ্রথোর কাচের সুরক্ষা ভেঙে ফেলে। পরে সেখানে থাকা মা মারিয়ার মূর্তির মাথায় থাকা একটি মুকুট এবং প্রার্থনা কক্ষে রাখা দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। এছাড়া মূর্তির গায়ে থাকা আরও কিছু ধাতব অলংকার খোয়া গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চার্চের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ক্যামেরাগুলো আগে থেকেই অকার্যকর থাকায় চুরির সঠিক সময় শনাক্ত করা যায়নি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ ও তদন্ত শুরু হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা মালামাল উদ্ধারের খবর পাওয়া যায়নি।
একটি উপাসনালয়ে এমন ঘটনায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় ও এলাকাবাসী গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




