কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং জালনোট শনাক্তকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ব্যবসা সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিঠন এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এসআই টিটু চন্দ্র দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহজালাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।

কর্মশালার প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ এবং সহকারী পরিচালক মোহাম্মদ মামুন,এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. জাকের হোসেন।

কর্মশালায় জালনোট শনাক্ত করার বিভিন্ন কৌশল, জালনোটের প্রচলন প্রতিরোধে করণীয় এবং জালনোটের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা জালনোটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি লেনদেনের সময় সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক নোটের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top