কুড়িগ্রাম রাজিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম শাহীন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের একটি কার্যকর পদ্ধতি। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বিশেষ করে কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও কুটিরশিল্পের মতো সম্ভাবনাময় খাতে সমবায়ভিত্তিক উদ্যোগ বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা সম্মিলিতভাবে পুঁজি গঠন এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুযোগ পাবেন।
বক্তারা সমবায় সমিতিগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমবায়ের মূলনীতি অনুসরণ করে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার আহবান জানান।
আলোচনা সভায় রাজিবপুরের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে সমবায় কার্যক্রমের সম্ভাবনা ও করণীয় নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমবায় সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া।
আলোচনা সভার শেষ পর্যায়ে দিবসটি সফল করতে অংশগ্রহণকারী অতিথি, সমবায় সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top