কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের গাফিলতির অভিযোগ, খোঁজ নেই ২৪ শিক্ষকের সার্ভিস বইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় দুই মাস ধরে গুরুত্বপূর্ণ এসব নথির সন্ধান না মেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জিএফ বিল, সমতা বিল, উচ্চতর স্কেল, চিকিৎসা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, অবসরকালীন ভাতাসহ বিভিন্ন বিলের ফাইল তৈরি ও প্রক্রিয়াকরণের কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কয়েকজন শিক্ষক নেতার প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সার্ভিস বই গ্রহণ ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ রেজিস্টার এবং জবাবদিহি অনুসরণ করা হয়নি। ফলে শিক্ষকদের চাকরিজীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত, পেশাগত ও আর্থিক তথ্য সংবলিত সার্ভিস বইগুলো কীভাবে হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৬টি সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুটি বই পাওয়া গেলেও বাকি ২৪টি বই উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা হিসাবরক্ষণ অফিসে খুঁজেও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব নথি না পাওয়ায় শিক্ষকদের বেতন-ভাতা, বিভিন্ন আর্থিক সুবিধা ও চাকরিসংক্রান্ত কার্যক্রমে জটিলতার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় কয়েকজন শিক্ষক নেতার নাম আলোচনায় এসেছে। ভুক্তভোগী শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্মে প্রতিবাদের পর সরঞ্জাবাড়ী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরিফের নাম উঠে আসে বলে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসা. মাহমুদা খাতুন গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে নয়জন শিক্ষককে নিয়ে সার্ভিস বই খোঁজার জন্য একটি অফিস আদেশ জারি করেন। সংশ্লিষ্টরা অনুসন্ধান করে ২৬টি সার্ভিস বইয়ের সন্ধান না পাওয়ার কথা জানান। পরে দুটি বই পাওয়া গেলেও বাকি ২৪টি বইয়ের সন্ধান মেলেনি।

অফিস আদেশের আওতাধীন এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক মাহমুদ শরিফ সার্ভিস বইসহ বিভিন্ন বিলের কাজ একটি সিন্ডিকেটের মাধ্যমে করতেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষা অফিসে প্রয়োজনীয় জনবল থাকা সত্ত্বেও তাঁকে দিয়ে এসব কাজ করানো হতো বলে ওই শিক্ষক দাবি করেন। তাঁর ভাষ্য, সম্প্রতি গোপনে নয়টি সার্ভিস বই নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে সেগুলো তাৎক্ষণিক ফেরত দেওয়া হয়। তবে বইগুলো উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট শিক্ষক দাবি করেন।

এদিকে, সার্ভিস বই নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শাহীনুর ইসলামকে কৈফিয়ত তলব করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার জারি করা পত্রে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি অফিস থেকে বিনা অনুমতিতে কয়েকজন শিক্ষকের সার্ভিস বই নিয়ে যান। এতে অফিসের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি ও গোপনীয়তা ব্যাহত হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক বদলির সুপারিশ করা হবে কি না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শরীফ মাহমুদ জানান, শিক্ষা অফিসের স্টাফরা সমতা বিলের কাজ করার সময় না পাওয়ায় তাঁকে কাজটি করতে বলা হয়েছিল। সার্ভিস বই নিয়ে যাওয়ার সময় গোপনে নেওয়ার বিষয়টি আলোচনায় এলে তিনি তাৎক্ষণিক বইগুলো অফিসে ফেরত দেন।

গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপা খাতুন বলেন, “চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত সার্ভিস বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষা অফিসে বই জমা দিয়েছি। সেখান থেকে কর্তৃপক্ষই আমাদের বই বের করে দেবে।”

পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলিমুজ্জামান বলেন, “শিক্ষকদের সার্ভিস বই সংরক্ষণসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব শিক্ষা অফিসের। অফিসে যাঁরা দায়িত্ব পালন করেন, তাঁরাই বলতে পারবেন বইগুলো কীভাবে হারিয়ে গেল।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসা. মাহমুদা খাতুন সার্ভিস বই হারানোর বিষয়ে বলেন, “আমরা বইগুলো খুঁজছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তবে প্রধান শিক্ষক শরীফ মাহমুদ কর্তৃপক্ষকে দায় এড়ানোর জন্য কিছু বলতে পারেন—এমন মন্তব্যও করেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, “বিষয়টি জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”

২৪ জন শিক্ষকের গুরুত্বপূর্ণ সার্ভিস বই খুঁজে না পাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট নথি সংরক্ষণ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top