নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ এবং ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
দিবসটি উপলক্ষে বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।
অন্যদিকে, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।




