রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করে মো. ওমর ফারুক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা ২৫ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওমর ফারুক উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে ওমর ফারুকের স্ত্রী মোছা. মুক্তা বেগম লালমনিরহাট সদরের তিস্তা এলাকায় বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই ওমর ফারুক মানসিকভাবে বিষণ্ণ ছিলেন বলে জানা গেছে। এরই জেরে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে কীটনাশক পান করেন তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের নজরে আসেনি। পরে রাত ৩টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। কাউনিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




