রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি এবং ২৩০টি ছোট-বড় পাথরের খণ্ড উদ্ধার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে একটি বাড়ি থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া মৌজার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোস্তাফিজুর রহমান (৪০), মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), শাহআলম (৩৮), হেকমত আলী (৩৫) ও শাহরিয়ার রাকিব (২৬)। পুলিশি প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও পদধারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় অন্য আসামিসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের খণ্ড জব্দ করা হয়।
এ ঘটনায় কাউনিয়া থানায় ১২ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর ০৮।
অন্যদিকে, একই দিন সকাল ৬টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের রাজিব মৌজায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় পলাতক আসামি মো. সোহেল রানার (২৩) বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে ১৫ পিস কমলা ও সবুজ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সোহেল রানা পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় আরেকটি মামলা করা হয়েছে। মামলা নং ০৯।




