পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপকের ভবনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাংকেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, ভোররাতে দুর্বৃত্তরা শাখা কার্যালয়ের দোতলার প্রবেশ ফটক ও নামফলকে পেট্রোলমিশ্রিত কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুনের তীব্রতা বাড়ার আগেই পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পেট্রোল দিয়ে আগুন ধরানোর কোনো ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।’
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।




