ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
সভায় জানানো হয়, চলতি বছর উপজেলার মোট ৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মোটরসাইকেলের শব্দদূষণ রোধ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরাপদে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন এবং ওসি (তদন্ত) আবুল কাসেমের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মন্ডল এবং উপজেলা প্রেস ক্লাবের সদস্য হাবিবুর রহমান।
এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




