ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ, পলাতক ছেলে-পুত্রবধূ

​ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও তাঁর স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
​মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের মৃত শিহাব উদ্দিনের স্ত্রী। শিহাব উদ্দিন একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ছেলে কামরুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৩৫) প্রায়ই মিনারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করেন এবং ঘরের দরজায় শিকল লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে ছোট ছেলে আল-আমিন এসে তাঁকে উদ্ধার করেন।
​স্বজনরা জানান, মারধরের পর অসুস্থ হয়ে পড়লে সোমবার রাত ১২টার দিকে মিনারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে মঙ্গলবার ভোর ৫টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top