ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এ ঘটনার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ৩ নম্বর সরিষা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ভুক্তভোগীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন। তিনি বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা ও ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।”
ওসি আরও জানান, মূল আসামিসহ জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপরাধীদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে এলাকাবাসী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।




