ইসলামি সংস্কৃতির আবহে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, যবিপ্রবিতে ‘ইর্তিকা’২১

‘ইসলামি সংস্কৃতির আবহে নবসূর্যের প্রোজ্জ্বল লালিমা’—এই প্রতিপাদ্যকে ধারণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইর্তিকা’২১’। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি আয়োজন করা হয় গাইডেন্স সিম্পোজিয়াম, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। গাইডেন্স সিম্পোজিয়ামে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দ্বীনি মূল্যবোধ ও আমল-নসিহতের পথে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের জীবনে দ্বীন, ঈমান ও আমলের চর্চার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় অংশগ্রহণকারীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ক্যাটাগরিভিত্তিক উপহার হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের হাতে আল-কুরআনুল কারীম, সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, পোলো শার্ট অথবা চেরি হিজাব, চাবির রিং ও গিফট ব্যাগ তুলে দেওয়া হয়। এ ছাড়া নবীন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আল-কুরআন, পোলো শার্ট অথবা হিজাব, চাবির রিং ও গিফট ব্যাগ বিতরণ করা হয়।
আয়োজনের অংশ হিসেবে ‘সীরাহ ৩৬০°: রহমাতুল্লিল আ’লামিন ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ এবং ফজর ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সীরাহ প্রতিযোগিতায় সেরা দশ বিজয়ীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন ইইই বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেন ফার্মেসি বিভাগের রহমাতুল্লাহ আল আরাবী এবং তৃতীয় স্থান অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের মো. আলী কাদের।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ‘মেহফিল-ই-ইর্তিকা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’। রাত প্রায় ১১টা পর্যন্ত চলা এ পর্বে মনোমুগ্ধকর কাওয়ালি ও নাতে রাসূল (সা.) পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘ইর্তিকা’২১’-এর বর্ণাঢ্য আয়োজন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top