ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।

তাদের অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান।

কিশোরগঞ্জ প্রতিনিধি শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, ১৯ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন ইমাম-উলামারা।

স্মারকলিপিতে তারা বলেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ কারণে আগামী ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান ইমাম-উলামারা।

স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও দেওয়া হয়েছে বলে জানান তারা।

সেই আবেদনের প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড।

সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’

কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ জানানো হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top