ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে অন্তত ৬০টি বসতবাড়ি। যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এসব বাড়িঘর। বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
২৩ নভেম্বর ২০২৬ সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মধুমতী নদীর তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। গ্রামের নাজিম মোল্লার বাড়ি থেকে বাশার মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এতে ওই এলাকার অন্তত ৬০টি পরিবারের বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মধুমতী নদীর ভাঙন রোধে ওই এলাকায় ব্লক স্থাপন করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় বর্তমানে নদীর ভাঙনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক পরিবারের একমাত্র সম্বল বসতভিটা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাজিম মোল্লার বাড়ি থেকে বাশার মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলে বসতবাড়িগুলো রক্ষা করা সম্ভব হতে পারে।
নদীভাঙনের কবল থেকে নিজেদের শেষ সম্বল বসতভিটা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কৃষ্ণপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা।
প্রশাসনের কাছে এলাকাবাসীর আকুল আবেদন—আর বিলম্ব নয়, দ্রুত জিও ব্যাগ ফেলে মধুমতীর ভাঙন থেকে কৃষ্ণপুরের ৬০টি পরিবারের বসতবাড়ি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।




