ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বুড়াইচ ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে ওঠা ঘুষ লেনদেন, রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা নিয়ে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত সার ডিলার ইনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইনামুল।
গত ১৪ ডিসেম্বর ২০২৬ বিকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার বুড়াইচ ইউনিয়নের সার ডিলার নিয়োগ বিভিন্ন অনিয়মের তথ্য ও নিরেপক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেন, উক্ত সংবাদ সম্মেলনে ইনামুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের অবস্থান তুলে ধরেন নবনিযুক্ত বুড়াইচ ইউনিয়নের সার ডিলার ইনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইনামুল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টা সময়, উপজেলা শৈলমারী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে, সাংবাদিকদের সামনে দেওয়া এক লিখিত বক্তব্যে ইনামুল বলেন, সরকারি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে সব ধরনের যাচাই-বাছাই শেষে তিনি সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। অথচ ডিলার নিয়োগের পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার, ব্যবসায়িক যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
লিখিত বক্তব্যে ইনামুল বলেন, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুসরণ করেই তিনি ডিলারশিপের জন্য আবেদন করেন। উপজেলা ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সক্ষমতা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার সনদ যাচাই-বাছাইয়ের পর তাঁকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ বা প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি।
ব্যবসায়িক অভিজ্ঞতা প্রসঙ্গে ইনামুল বলেন, তাঁর প্রতিষ্ঠান ইমানুল এন্টারপ্রাইজের অনুকূলে স্থানীয় কৃষি অফিস এবং ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার ও কীটনাশক ব্যবসার অভিজ্ঞতার একাধিক সনদ রয়েছে। ডিলার নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করেই তিনি আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব অভিজ্ঞতার সনদও প্রদর্শন করা হয়।
রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
আহমেদ শিকদার নিজেও সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন উল্লেখ করে ইনামুল অভিযোগ করেন, ডিলারশিপ না পেয়ে তিনি ব্যক্তিগত প্রতিহিংসা থেকে সরকারি নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এতে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঘুষ দিয়ে ডিলারশিপ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও মানহানিকর। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ তুলে একজন ব্যবসায়ীর সম্মানহানি করা অনুচিত। তিনি এসব মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ইনামুল বলেন, ব্যক্তিগত স্বার্থ বা প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে বুড়াইচ ইউনিয়নের কৃষকদের স্বার্থে কাজ করতে চান তিনি। সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া এবং কৃষিসেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।




