আলফাডাঙ্গায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম, নারীদের মাঝে শাড়ি বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন পূজামণ্ডপে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে তাঁরা আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সরওয়ার আলম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তাঁরা আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকা এবং তাঁদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমি আশা করি, সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top