‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কুমার শাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ কুমার বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া ইসলাম তানিয়া, আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে খামারিদের সচেতনতা বৃদ্ধি, উন্নত সেবা প্রদান এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন হতে হবে। সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ সবসময় থাকবে এবং খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন বলেন, “প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, নিয়মিত টিকা প্রদান এবং রোগ প্রতিরোধের বিষয়ে খামারিদের সচেতন হতে হবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসাসেবা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বাবলম্বী করা এবং দেশের পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।




