দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ঢাকা-আরিচা মহাসড়কে ‘সেলফি পরিবহন’-এর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোসহ নানা অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ। পরিবহনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এবার মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পাটুরিয়া ঘাট থেকে গাবতলী রুটে চলাচলকারী সেলফি পরিবহনের কিছু বাস চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং প্রতিযোগিতামূলকভাবে ওভারটেকিং করেন। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বাসগুলোতে অদক্ষ বা কম অভিজ্ঞ চালক নিয়োগ এবং কোনো কোনো চালকের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ও ভুক্তভোগীরা।
তাদের ভাষ্য, এসব কারণে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে। সেলফি পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া গতির কারণে প্রাণহানি ও দুর্ঘটনার অভিযোগও দীর্ঘদিনের।
স্থানীয়রা জানান, পরিবহনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রুট পারমিট বাতিলের দাবিতে বিভিন্ন সময়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি ও নানা কর্মসূচি পালন করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কার্যকর ও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।
এরই ধারাবাহিকতায় আজ সকালে সেলফি পরিবহনের বিরুদ্ধে মহাসড়কে অবস্থান নেন স্থানীয় জনসাধারণ। এ সময় চলাচলকারী কয়েকটি বাস আটকে দেওয়া হয় এবং মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা সেলফি পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের বক্তব্য, মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হলে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ এবং পরিবহনটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভ থেকে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের উচ্চপর্যায়ের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।




