আটঘরিয়ায় ১৮ নং গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়ায় ১৮ নং গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, অভিভাবকদের দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে পাবনা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেন বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ নং গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খন্দকার আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সেলিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফৈলজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নসির উদ্দিন, পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফজাল হোসেন। শিক্ষাথীদের মধ্যে বক্তব্য দেন নুরুন্নাহার খাতুন জীম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নুহু মিয়া, সামছুল হক, ওয়াদুদ খান, রিপা রায়, মেহেদী হাসান, রোকেয়া খাতুন, কামাল হোসেন, রফিকুল ইসলাম, কামরুন্নাহার ও আলী আশরাফ।
২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন তামিম ইসলাম, সিজানুর ইসলাম সানি, শামীমা ইসলাম মায়া ও নুরুন্নাহার খাতুন জীম। সাধারণ বৃত্তি পেয়েছেন শোয়াইবুর রহমান, সামিউল ইসলাম সানি ও নাবিলা আক্তার।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top