নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ তুলে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কটিয়াদী বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক এবং ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেছুর রহমান বাবলুসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন। কটিয়াদীতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপির নেতা-কর্মীরা তা প্রতিহত করবেন বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন খান দিলীপ নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।




