সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী আয়োজন, বর্জ্যের বিনিময়ে বৃক্ষ উপহার

পরিবেশ দূষণ রোধ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পরিবেশ দূষণকারী পরিত্যক্ত পণ্যের বিনিময়ে পরিবেশবান্ধব বৃক্ষ উপহার’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) উপজেলার সনমান্দী ইউনিয়নের আল-ফোরকান মডেল স্কুল মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান (আপেল)।
সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত ভবিষ্যৎ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানোই নয়, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল প্লাস্টিক ও অন্যান্য পরিত্যক্ত বর্জ্য সংগ্রহ এবং সেগুলোর যথাযথ ব্যবস্থাপনার বিষয়েও জনসচেতনতা তৈরি করা জরুরি।
তারা আরও বলেন, পরিবেশ দূষণকারী পরিত্যক্ত প্লাস্টিক ও বর্জ্যের বিনিময়ে সাধারণ মানুষের হাতে পরিবেশবান্ধব বৃক্ষ তুলে দেওয়ার এ ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশ সংরক্ষণে মানুষকে উৎসাহিত করবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top