মানিকগঞ্জে চার বেসরকারি হাসপাতালে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চারটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।
অভিযানে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতি এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সিলগালাসহ প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, চিকিৎসকের অনুপস্থিতি এবং বিভিন্ন বিভাগে অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন বলেন, জেলার স্বাস্থ্যসেবা খাতকে জনবান্ধব ও নিয়মের মধ্যে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top