ফরিদপুরের চরভদ্রাসনে সুফলভোগীদের মাঝে বকনা বাছুর, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ, খেলাধুলার সামগ্রী এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক বিএনপি সভাপতি শাজাহান শিকদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফর, প্রস্তুতি কমিটির সদস্য গোলাম মোস্তফা, মোস্তফা কবির বেপারী, ছাত্রদল সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সুফলভোগী খামারিদের হাতে বকনা বাছুর, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ, খেলাধুলার জন্য ফুটবলসহ বিভিন্ন সামগ্রী এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবক হিসেবে দলীয় নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। দেশনায়ক তারেক রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে জনকল্যাণে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “দলমত নির্বিশেষে আমরা সকলের সেবক—এ কথাটি সবসময় মনে রাখতে হবে। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি বাবুল আরও বলেন, নিজেদের মধ্যে দলাদলি, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনকে সহযোগিতা করা এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বাবুল বলেন, নিজ দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে চরভদ্রাসনবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত গোপালপুর-মৈনট ফেরিঘাট নিয়েও সুখবর দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি জানান, ফেরিঘাটের কাজের জন্য বরাদ্দ হয়েছে এবং অতি দ্রুতই এর কাজ শুরু হবে। এতে চরভদ্রাসনসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




