চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে ছিদ্দিক মিয়াজী (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওগাঁও সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজী ও মানিকজান বেগম দম্পতির ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর সংসারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
পরিবার, পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে ছিদ্দিক মিয়াজী নিজের অটোরিকশা নিয়ে নওগাঁও আড়ংবাজার থেকে নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিল না।
পথিমধ্যে নওগাঁও সেতু এলাকায় পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। পরে সেটি পাশের জলাবদ্ধ জমিতে পড়ে গেলে চালক ছিদ্দিক মিয়াজী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. হায়দার মিয়াজী বলেন, “আমার ভাই আগে থেকেই কিছুটা অসুস্থ ছিল। তার আয়েই সংসারের খরচ চলত। ভাইটা মারা গেল, এখন তার তিন ছেলেমেয়ে ও বউয়ের কী হবে—এটাই আমাদের চিন্তা।”
স্থানীয়রা জানান, ছিদ্দিক মিয়াজী নিয়মিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোরিকশাচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




