তামাবিল স্থলবন্দরে সড়ক দখল করে পাথরের ডাম্পিং

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর তামাবিলের প্রধান সড়কের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ পাথরের ডাম্পিং ইয়ার্ড। ভারতের মেঘালয় থেকে আমদানি করা বিপুল পরিমাণ পাথর নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের পাশে স্তূপ করে রাখায় ব্যস্ততম মহাসড়কটি অনেকটা অবৈধ পাথর রাখার জায়গায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, তামাবিল স্থলবন্দর থেকে জাফলং ও তামাবিলমুখী সড়কের দুই পাশে সারি সারি পাথরের স্তূপ। পাথর লোড-আনলোডের কাজে প্রতিদিন বিপুলসংখ্যক মালবাহী ও ডাম্প ট্রাক সড়কের ওপর দীর্ঘ সময় ধরে পার্কিং করে রাখা হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পাথর স্তূপ করে রাখা ও অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের কারণে পথচারীসহ সাধারণ যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি পাথরের ধুলাবালিতে পরিবেশ দূষণও বাড়ছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সালাম হোসেন বলেন, মহাসড়কের পাশে পাথর স্তূপ করে রাখা ও অবৈধভাবে ট্রাক পার্কিং সম্পূর্ণ বেআইনি। তামাবিল-সিলেট সড়ক সচল ও নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, সরকারি জায়গা দখল করে সড়কের পাশে ডাম্পিং ইয়ার্ড তৈরি করা সম্পূর্ণ বেআইনি। মহাসড়ককে যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে দ্রুত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও পাথরের স্তূপ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top